ঢাকা সিএমএম আদালত কোটা আন্দোলনে ঘটে যাওয়া সংঘাত ও নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারকৃত ঢাকা কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের রিমান্ড বাতিল করে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের আদেশ প্রদান করেছে।
এর আগে গতকাল শনিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। এদিন অভিযুক্তকে শিশু হিসেবে দাবি করা হলেও তার পক্ষে বয়স প্রমাণক উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় আদালত রিমান্ড মঞ্জুর করেছিল।
শিশু আদালত আজই শুনানি শেষে অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসেবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করে এবং তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের আদেশ প্রদান করেছে।
রিমান্ডের আদেশের বিষয়ে ফাইয়াজের আইনজীবী ইশতিয়াক হোসেন শনিবার গণমাধ্যমকে বলেন, জন্ম নিবন্ধন ও এসএসসির সার্টিফিকেট অনুসারে, ফাইয়াজের বয়স ১৭ বছর ৩ মাস ৮ দিন। যাত্রাবাড়ী থানার এ মামলায় আদালতে ফাইয়াজের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে আমরা বয়সের কারণে রিমান্ড বাতিলের আবেদন করি এবং এ মামলাটি শিশু আদালতে প্রেরণের অনুরোধ করি। তবে আদালত অপারগতা প্রকাশ করে শিশুটিকে ৭ দিনের রিমান্ড দিয়েছিলেন।