মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী পশ্চিমপাড়া (আশ্রম) এলাকায় পারিবারিক বিরোধের জেরে বাবার ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মো. ইবরাহিমের ছেলে ইসরাফিল পারিবারিক কলহের জেরে তার বাবার ঘরে আগুন দেয়। আগের রাতে পরিবারের মধ্যে তীব্র ঝামেলা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, ইসরাফিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, আগুন দেওয়ার আগে ইসরাফিল পাশের ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র বাবার ঘরে এনে তালাবদ্ধ করে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে ঘরের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযুক্ত ইসরাফিল বর্তমানে পলাতক রয়েছে।
এ বিষয়ে দীঘিনালা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, “আগুন লাগার ঘটনায় আমাদের একটি টিম কাজ করছে। তদন্ত শেষ করে জানা যাবে প্রকৃত ঘটনা।” তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।