২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে যুবতীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ : থানায় মামলা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলা এলাকায় ২২ বছর বয়সী এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (০১ মার্চ) পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযোগ ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের জয়নাল শেখের ছেলে সজল (২৩)-এর সঙ্গে প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে তার পরিচয় হয় ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা এলাকার বাসিন্দা বর্তমানে গাজীপুর মহানগর এলাকায় বসবাসকারী যুবতীর সাথে। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ১৪ ফেব্রুয়ারি সজলের সঙ্গে তার সম্পর্কের অবসান ঘটে। পরে সজলের বন্ধু আকাশ মণ্ডল তাকে ফোন করে পাংশায় এলে সজলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়।

এর প্রেক্ষিতে ভুক্তভোগী গাজীপুর থেকে পাংশায় আসেন। পরে তাকে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি কক্ষে নিয়ে গিয়ে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল পর্যায়ক্রমে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

এ সময় তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল নিয়ে নেওয়া হয়। আকাশ মণ্ডল সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে এবং জামাল মণ্ডল একই ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামের মোঃ আরশেদ মণ্ডলের ছেলে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top