সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর চন্দ্র রায় (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (১ মার্চ ) ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে ভরিয়া এলাকায় ‘হাসি-খুশি স্টোর’ নামীয় দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়।
অভিযানকালে ‘আদিবা ক্ল্যাসিক পরিবহন’ নামীয় বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৩-০১০৩)-এর জি-৩ নম্বর সিটে টিকিটবিহীন অবস্থায় বসা এক যাত্রীর দেহ তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ৬ হাজার ৯৫০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে তিনটি জিপারযুক্ত পলি প্যাকেটে মোট ৬,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রতি প্যাকেটে যথাক্রমে ২,৫০০, ২,৫০০ ও ১,৯৫০ পিস) মাদক ব্যবসায় ব্যবহৃত একটি NOKIA TA-1010 বাটন মোবাইল ফোন (সিমসহ) গ্রেপ্তারকৃত শংকর চন্দ্র রায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিংজানি গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত রমেশ চন্দ্র ও মাতা মৃত সরলা বালা।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় উপ-পরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।