মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং তিনটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি নীলফামারীর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমানের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানাধীন টেঙ্গনমারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় স্থানীয় একটি চায়ের দোকান থেকে সন্দেহভাজনদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শাহ মোহাম্মদ বুলেট (২৫), মো. আদর আলী (২৪), মো. হাসান আল ফিরোজ (ছোটন) (২৪), মো. মনিরুজ্জামান সজীব (২৫), মো. রাকিবুল হাসান লাবিব (১৯), মো. সিরাজ উদ্দিন (২৩) এবং মো. আহসান হাবিব (হাসান) (২৪)। তারা নীলফামারী জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বিধি মোতাবেক তল্লাশিকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে মোট ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৩টি রেজিস্ট্রেশনবিহীন SUZUKI Gixxer FI ABS SF মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন ভিসা প্রতারণা, অনলাইন ক্যাসিনো ও বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপস ব্যবহারের আলামত পাওয়া গেছে। একই সঙ্গে একাধিক অনলাইন বেটিং অ্যাকাউন্ট লগইন অবস্থায় থাকার তথ্যও শনাক্ত করা হয়েছে।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ভিসা প্রতারণা ও অনলাইন জুয়াভিত্তিক অপরাধচক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত আলামতসমূহ সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে সংরক্ষণ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ, ভিসা প্রতারণা ও অনলাইন জুয়া প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।