মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
খোকসা উপজেলার ভবানীগঞ্জ বাজারে ১ মার্চ বিকেল ৩ ঘটিকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিন জাহান।
অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আহসান হাবীব উপস্থিত ছিলেন। এ সময় বাজারে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন ও সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে জাটকা আহরণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। জব্দকৃত জাটকা পরবর্তীতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আল-হেরা উথলী মডেল হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।