আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি:
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার বেলা ১১টায় নগরের গণকপাড়ায় ‘সাম্রাজ্যবাদ বিরোধী নাগরিকবৃন্দ, রাজশাহী’-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এ ধরনের সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতীয় সার্বভৌমত্ব এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্বব্যাপী আগ্রাসী নীতি অনুসরণ করে স্বাধীন রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিভাজনমূলক কৌশল প্রয়োগ করে প্রভাব বিস্তারের চেষ্টা চালানো হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, যুদ্ধ কখনো স্থায়ী শান্তির পথ দেখাতে পারে না। বরং বোমা, ক্ষেপণাস্ত্র ও সামরিক হামলায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এতে নারী ও শিশুর জীবন অনিশ্চিত হয়ে পড়ে, মানবিক বিপর্যয় সৃষ্টি হয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা ভেঙে পড়ে। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর ও দৃশ্যমান ভূমিকা কামনা করেন এবং বিশ্ব সম্প্রদায়কে আগ্রাসন বন্ধে জোরালো উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন- হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহাবুব সিদ্দিকী, সবুজ সংহতির রাজশাহীর সভাপতি মাহাবুব সিদ্দিকী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী, রাজশাহী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জুয়েল কিবরিয়া, বাসদের জেলার আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, গণসংহতি আন্দোলনের মহানগরের সদস্য সচিব নাদিম সিনা, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জের (ইয়্যাস) সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক এবং নয়া গণতান্ত্রিক গণমোর্চার সাধারণ সম্পাদক শামীম