মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন ও নিষিদ্ধ উপাদান ব্যবহারের দায়ে একটি মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার বক্করের মোড় এলাকায় অবস্থিত সন্তোষী মুড়ি মিল–এ উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর–এর যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এ সময় নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শিহাব উদ্দীন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর সহকারী পরিচালক সামসুল আলম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটি পরিদর্শনকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি মুড়ি তৈরিতে ময়লাযুক্ত লবণ, নিষিদ্ধ হাইড্রোজ ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের বিষয়টি নিশ্চিত হয়। এসব অপরাধের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন। এ সময় সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয় এবং জনস্বার্থে খাদ্য উৎপাদন ও বিপণনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।