১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

‘আন্দোলন চলবে, বন্দুকের নলের মুখে জিম্মি করে প্রত্যাহার করানো হয়েছে’: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের বিবৃতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও আন্দোলন চলবে বলে জানিয়েছেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের। এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, পুলিশের বন্দুকের মুখে অন্য সমন্বয়কদের জিম্মি করে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা আদায় করা হয়েছিল। এর প্রতিবাদে সোমবার সারাদেশে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার দিবাগত মধ্যরাতে এক বিবৃতিতে সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ‘সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব।’ ইতোমধ্যেই এই বিবৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এর আগে রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম – ঢাকা মহানগর পুলিশে গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন । নিরাপত্তা দেওয়ার কথা বলে তাদের তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত-নিহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাই।’

এসময় তারা আরও বলেন, ‘আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতোমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই।’ পরে সমন্বয়কদের পক্ষ থেকে নাহিদ ইসলাম সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top