মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী-তে দারিদ্র্য বিমোচনে যাকাতের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরতে ‘যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এ সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ। প্রবন্ধে তিনি যাকাত ব্যবস্থাপনার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর আর্থিক স্বনির্ভরতা অর্জনের বাস্তবসম্মত দিক ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
সেমিনারটি সঞ্চালনা করেন নীলফামারী সরকারি কলেজ-এর ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ওমর ফারুক।
সভায় সভাপতির বক্তব্যে মোছাদ্দিকুল আলম জানান, নীলফামারী জেলায় ২০২৪–২০২৫ অর্থবছরে মোট ১৩ লাখ ৪৯ হাজার ৩০০ টাকা যাকাত আদায় হয়েছে। এর মধ্যে উত্তোলিত যাকাতের ৮০ শতাংশ, অর্থাৎ ১০ লাখ ৭৯ হাজার ৪৪০ টাকা, বিধি অনুযায়ী যোগ্য উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে।
সেমিনারের শেষ পর্বে মোনাজাত পরিচালনা করেন নীলফামারী বড় মসজিদের খতিব মাওলানা খন্দকার আশরাফুল হক নুরী।