মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলার পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেছেন, আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জেলার কোন প্রকার সহিংসতা বা অশান্তির সম্ভাবনা নেই। ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপরতায় দায়িত্ব পালন করছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলায় এক কৃষি প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
এসপি জাহিদুল ইসলাম আরও জানান, বর্তমান সময়ে কৃষিক্ষেত্রে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি করছে। উৎপাদিত পণ্য দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। পাশাপাশি অব্যবহৃত জমিগুলোকে কৃষির আওতায় নিয়ে আসার মাধ্যমে শস্য উৎপাদন বৃদ্ধি এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
কৃষকরা যারা উৎপাদিত পণ্য শহরে সরবরাহ করছেন, তাদের যদি কোন ধরনের চাঁদাবাজির সম্মুখীন হতে হয়, তারা তা পুলিশের কাছে অবহিত করবেন। পুলিশ সর্বদা কৃষকদের পাশে থাকবে এবং চাঁদাবাজিতে জড়িতদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করবে।
তিনি আরও বলেন, “জেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত। বর্তমানে জেলায় কোন চাঁদাবাজি বা সহিংসতার ঘটনা নজরে আসেনি। ঈদ উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল অব্যাহত রয়েছে।
গোয়েন্দা সংস্থার সদস্যরাও সর্বদা তৎপর। যারা চাকরির জন্য জেলার বাহিরে অবস্থান করছেন এবং ঈদে বাড়ি ফিরবেন, তাদের নির্বিঘ্নে ফিরতে সহায়তা করা হবে। ঈদে পুলিশ নিজে ছুটিতে না গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।”
পরিদর্শনকালে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়াসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।