মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা পর্যায়ে শিক্ষার মানোন্নয়নকে লক্ষ্য করে শিক্ষা পরিবারের সঙ্গে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল আজিজ বলেন, গুরুদাসপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বুদ্ধি, পরামর্শ ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি গুরুদাসপুর উপজেলাকে একটি “মডেল গুরুদাসপুর” হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার এবং একাডেমিক সুপারভাইজার বজলার রশিদ। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা শিক্ষা পরিবার।