মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারী জেলার যাত্রীসাধারণের ঈদযাত্রা নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে জেলা পুলিশের উদ্যোগে পরিবহন খাতসংশ্লিষ্ট মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০৪ মার্চ) নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম।
সভায় পুলিশ সুপার বলেন, ঈদকে কেন্দ্র করে সড়কপথে যাত্রীচাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ সময় দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন, যাত্রী হয়রানি বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি ও সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হবে। ফিটনেসবিহীন যানবাহন চলাচল, বেপরোয়া গতি, অনিয়মিত পার্কিং এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চালক ও সহকারীদের পেশাদার আচরণ, নির্ধারিত ভাড়া তালিকা প্রদর্শন, সময়ানুবর্তিতা এবং যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সক্রিয় সহযোগিতা অপরিহার্য।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মো. আব্দুল গফুর সরকার, সভাপতি, মোটর ও বাস মালিক সমিতি, মো. মোর্শেদ আলম, সদস্য সচিব, নীলফামারী ট্রাক মালিক সমিতি; গোলাম রসুল মহাব্বত, সভাপতি, নীলফামারী জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন; মো. আবুল হাসনাত রাসেল, সড়ক পরিবহন মালিক গ্রুপ, নীলফামারী; মো. আনোয়ারুল হাফিজ, সিনিয়র সহ-সভাপতি, বাস–মিনিবাস মালিক সমিতি, সৈয়দপুরসহ মোটর ও বাস–মিনিবাস, ট্রাক ট্যাংক লরি মালিক ও শ্রমিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় পরিবহন সংগঠনের নেতারা ঈদযাত্রায় যাত্রীসেবা স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে ঈদ উপলক্ষে সড়কে শৃঙ্খলা বজায় রেখে যাত্রীবান্ধব পরিবহন সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।