আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের নতুন জামা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কর্মসূচিতে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক, সিলেট থেকে পরিচালিত পরিজন প্রাইভেট ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৫ মার্চ) নগরের নতুন বুধপাড়ায় অবস্থিত নবজাগরণ শিক্ষা নিকেতন প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের নতুন পোশাক ও বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গত বছরের মতো এবারও বিতরণকৃত পোশাকের সম্পূর্ণ ব্যয় বহন করেছে পরিজন প্রাইভেট ফাউন্ডেশন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মনিমুল হক। আরও উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক এবং নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক সভাপতি মো. খালিদ হাসান এবং উপদেষ্টা ও সাবেক সভাপতি মো. রাসেল সরকার।
সহযোগী প্রতিষ্ঠান পরিজন প্রাইভেট ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন ম্যানেজার সাব্বির আহমেদ এবং স্থানীয় কো-অর্ডিনেটর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব।
নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি বলেন, “নবজাগরণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। গত বছরের মতো এবারও পরিজন প্রাইভেট ফাউন্ডেশনের সহযোগিতায় ৪০ জন শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা, সদস্য, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় অভিভাবকরাও উপস্থিত ছিলেন।