মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) খোকসা উপজেলার গড়াই নদীর ভবানীপুর ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করে নদীতে স্থাপিত অবৈধ বাঁধ অপসারণ করা হয় এবং প্রায় ২০০০ মিটার বেড় জাল ও বাঁশ জব্দ করা হয়।
পরে জব্দকৃত বেড় জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আহসান হাবীব। মোবাইল কোর্ট পরিচালনা করেন খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিন জাহান।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীর স্বাভাবিক প্রবাহ ও মাছের প্রজনন রক্ষা করতে এ ধরনের অবৈধ বাঁধ ও বেড় জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।