১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

দক্ষ হাফেজে কোরআন সৃষ্টির লক্ষ্যে ভূজপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

এম. আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তোলা এবং দক্ষ হাফেজে কোরআন তৈরি করার লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে অনুষ্ঠিত হয়েছে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

“কোরআনের আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা সংস্থা”-এর উদ্যোগে আয়োজিত ৯ম হিফজুল কোরআন প্রতিযোগিতা শনিবার (৭ মার্চ) ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক (রা.) আল-ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

এহইয়াউসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এবং ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক (রা.) মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান।

প্রতিযোগিতায় ফটিকছড়ি উপজেলার শতাধিক হেফজখানা থেকে আগত শিক্ষার্থীরা ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা—এই তিনটি গ্রুপে অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হয়ে আসর পর্যন্ত বিজ্ঞ বিচারকমণ্ডলীর তত্ত্বাবধানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় মোট ২৪টি প্রতিষ্ঠান থেকে ৯০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের বিভিন্ন গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা পরিচালনা করা হয়। এছাড়া নাহু-সরফের প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ ১৬ জন শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপে ১ম, ২য়, ৩য় থেকে ৬ষ্ঠ স্থান অর্জনকারীদের নগদ অর্থ পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি ৭ম থেকে ১০ম স্থান অর্জনকারী প্রতিযোগীদের সনদ দেওয়া হয়। অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ও তাদের উস্তাদদের সম্মাননা হিসেবে গাড়ি ভাড়া ও হাদিয়া প্রদান করা হয়।
আসরের নামাজের পর আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা ইসমাইল হোসাইন সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা সলিম উদ্দীন দৌলতপুরী, সাংবাদিক মাওলানা আজগর সালেহী, বিএনপি নেতা নাজিম উদ্দিন বাচ্চু, মাওলানা শিহাব উদ্দিন, হাফেজ মাওলানা সেলিম মাহমুদ, মাওলানা হারুন আরিফ, মাওলানা হাবিবুল্লাহ দিদু, মুফতি শামসুল হক, হাফেজ ইসমাইল, হাফেজ সালাউদ্দিন, হাফেজ হাসান, মাওলানা ইয়াসিন, মাওলানা হেলাল, মাওলানা কামাল, মাওলানা ওসমান মাহমুদ, মোহাম্মদ ইদ্রিসসহ স্থানীয় আলেম-ওলামা ও সুধীজন।

বক্তারা বলেন, এ ধরনের হিফজুল কোরআন প্রতিযোগিতা শিক্ষার্থীদের কোরআনের প্রতি আগ্রহ বাড়ায় এবং নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষা ও নৈতিকতার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি হাফেজে কোরআনদের মর্যাদা বৃদ্ধি ও কোরআন শিক্ষার প্রসারে সহায়ক ভূমিকা পালন করে।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top