১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

মনোহরদীতে দশদোনা ইসলামিয়া ফাজিল মাদরাসার নতুন ভবনের চাবি হস্তান্তর

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দশদোনা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ৩ তলা নতুন ভবনের চাবি আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার (৮ মার্চ ২০২৬) আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির চাবি মাদরাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সদস্য মাওলানা ফজলুর রহমান, মাদরাসার অধ্যক্ষ শাহ্ মোহাম্মদ তৈয়্যব, এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

চাবি হস্তান্তরের সময় উপস্থিত শিক্ষক ও কর্মচারীরা নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এই ভবনটি নির্মিত হওয়ায় এখন শিক্ষার্থীরা আরও সুন্দর, পরিপাটি ও উন্নত পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে। এতে করে শিক্ষা কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এ সময় মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ্ মোঃ তৈয়ব বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন মানে শুধু ভবন নির্মাণ নয়, বরং শিক্ষার মানোন্নয়নের পথকে আরও সুগম করা। নতুন এই ভবনটি মাদরাসার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করবে।

প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক মোফাজ্জল হোসেন (টিটু) জানান, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দীর্ঘদিন ধরেই অতিরিক্ত শ্রেণিকক্ষের প্রয়োজন অনুভূত হচ্ছিল। নতুন এই ৩ তলা ভবন নির্মাণের ফলে সেই সংকট অনেকটাই দূর হবে। এতে শ্রেণিকক্ষের পাশাপাশি বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত জায়গা তৈরি হয়েছে।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও কর্মচারীরা আশা প্রকাশ করেন, নতুন ভবনের মাধ্যমে দশদোনা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা ভবিষ্যতে শিক্ষা ও নৈতিকতার বিকাশে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং এলাকার শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top