মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর এলাকায় মরা পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসীর হাসান খান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ ছিল।
এতে নদীর তীরবর্তী এলাকার পরিবেশ ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা দেখা দেয়। অভিযোগের ভিত্তিতে প্রশাসন গভীর রাতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে একটি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ ধ্বংস করেন।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসীর হাসান খান বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৩ মার্চ গোয়ালন্দ উপজেলা মাসিক সমন্বয় সভায় বাংলাদেশ সরকারের
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে অভিযান জোরদার করেছে বলে জানা গেছে।