১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

নিজের বিরুদ্ধে মানববন্ধনে গিয়ে সামনের সারিতে দাঁড়ালেন ডিমলা থানার ওসি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার বদলির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এ সময় হঠাৎ করেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানববন্ধনের সামনের সারিতে দাঁড়িয়ে অংশগ্রহণকারীদের বক্তব্য শোনেন ওসি নিজেই। রোববার (৮ মার্চ) দুপুরে ডিমলা উপজেলা পরিষদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ মার্চ ডিমলা থানা পুলিশের উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। ওই ইফতার মাহফিলে নুরুল ইসলাম নামে এক ব্যক্তির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়। কিছু ছবি ছড়িয়ে পড়ে, যেখানে তাকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে দাবি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে ‘ডিমলা উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা’ ব্যানারে উপজেলা পরিষদ মোড় এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ওসি শওকত আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার বদলির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডিমলা থানা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের একজন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। তারা অবিলম্বে সংশ্লিষ্ট ওসির বদলি দাবি করেন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানববন্ধনের সারিতে দাঁড়িয়ে সবার বক্তব্য শোনেন ওসি শওকত আলী।

এ বিষয়ে তিনি বলেন, পুলিশ কখনো কোনো অপরাধীকে দাওয়াত করতে পারে না। পুলিশের পক্ষ থেকে ওই ব্যক্তিকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। তিনি হয়তো ইফতারের সময় হঠাৎ করে সেখানে উপস্থিত হয়েছেন। তবে যদি তিনি বা অন্য কেউ অপরাধে জড়িত থাকেন, তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি শওকত আলী আরও বলেন, “আমার বিরুদ্ধে মানববন্ধনের কথা শুনে আমি নিজেই সেখানে গিয়ে উপস্থিত হই। অংশগ্রহণকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি এবং বিষয়টি নিয়ে আমার অবস্থানও পরিষ্কার করেছি।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top