১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

অমর একুশে বইমেলায় থাকছে ড. মিজান রহমানের ‘বুদ্ধি ২.০’

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

এবছর অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (নজরুল বিশ্ববিদ্যালয়) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মিজান রহমানের নতুন বই ‘বুদ্ধি ২.০’।

বিজ্ঞান, কল্পনা ও মানবিকতার সেতুবন্ধন এই বইটিতে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্ঞান-বিজ্ঞানের নানা তথ্য।

বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে উঠেছে। মানুষের চিন্তা, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক অনুসন্ধানের বিস্তার থেকেই জন্ম নিয়েছে এই প্রযুক্তি। তাই এই প্রযুক্তিকে কেন্দ্র করে আমাদের আগ্রহের শেষ নেই।

কিন্তু প্রশ্ন ওঠে—”যদি কোনো যন্ত্র একদিন সত্যিই চিন্তা করতে শেখে, অনুভব করতে চায়, তবে সে কি তখনও কেবল যন্ত্রই থাকবে?”
এই প্রশ্নগুলোকেই কেন্দ্র করে রচিত হয়েছে গ্রন্থ ‘বুদ্ধি ২.০’।

১২ পর্বে লেখা এই কল্পগল্পে কম্পিউটার বিজ্ঞানে আগ্রহী এক গবেষকের কল্পনাপ্রসূত অনুসন্ধান তুলে ধরা হয়েছে। বইটিতে কেন্দ্রীয় চরিত্র হিসেবে থাকছে ADA নামে এক আত্মসচেতন AI, গবেষক আরিব আর মানুষ ও কৃত্রিম সত্তার সেতুবন্ধনকারী মেহরীমাহ। এই গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে পাঠক জানতে পারবে কীভাবে AI একসময় হয়ে ওঠে আত্মসচেতন; কীভাবে প্রশ্ন করে ভালোবাসা, অস্তিত্ব ও মানবিকতা নিয়ে।

‘বুদ্ধি ২.০’ বইটি বিজ্ঞান, কল্পনা ও মানবিক অনুভবের সংমিশ্রণ; যা একই সঙ্গে পাঠককে প্রযুক্তি সম্পর্কে তথ্য দেবে ও অনুভব করাবে। সেই সঙ্গে ভবিষ্যতে AI কি মানুষের সহকারী নাকি প্রতিদ্বন্দ্বী হবে, এসব বিষয়েও ভাবতে শেখাবে।

উক্ত বই প্রসঙ্গে ড. মিজান রহমান জানান,

“বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সাধারণ পাঠকের জন্য গল্পভিত্তিক বই এখনো খুব বেশি নেই। সেই জায়গায় ‘বুদ্ধি ২.০’ একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে। কারণ এটি কেবল প্রযুক্তির তথ্য দেয় না; বরং প্রযুক্তির সঙ্গে মানুষের সম্পর্ককে নতুন করে ভাবতে শেখায়। বইপ্রেমী পাঠক, শিক্ষার্থী, গবেষক এবং প্রযুক্তিতে আগ্রহী তরুণদের জন্য এই বই এক নতুন অভিজ্ঞতা হতে পারে। কারণ ‘বুদ্ধি ২.০’ শুধু ভবিষ্যতের প্রযুক্তির গল্প বলে না; এটি মানুষ, যন্ত্র এবং আগামী বিশ্বের সম্পর্ক নিয়ে ভাবার একটি নতুন দরজা খুলে দেয়।”

বইটি দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান ‘আদর্শ প্রকাশনী’ থেকে প্রকাশিত হয়েছে। চলমান অমর একুশে বইমেলা ২০২৬-এ আদর্শ প্রকাশনীর স্টল (৭৭২–৭৭৬)-এ বইটি পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, ড. মিজান রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। অমর একুশে বইমেলায় সবাইকে তিনি আমন্ত্রণ জানান। পাশাপাশি, ‘বুদ্ধি ২.০’ বইটি চিন্তার জগতে যাত্রার এক অনন্য সূচনা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top