১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়া শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ডলি ফুডকে ২ লাখ টাকা জরিমানা

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও বিভিন্ন মুখরোচক খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ‘ডলি ফুড প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার বারদুয়ারী এলাকায় পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই, ঝুড়ি ভাজা, নিমকি ও মনেক্কা তৈরি ও সংরক্ষণ করছে।

এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)–এর প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে সেমাই উৎপাদন করা হচ্ছিল। এ সময় আরও দেখা যায়, পোড়া তেল দিয়ে ডালডা গলিয়ে তা পুনরায় সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে।

একই সঙ্গে কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও সুরক্ষা সামগ্রী ব্যবহারের কোনো ব্যবস্থা ছিল না। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে কারখানার পরিবেশ ও অবকাঠামো উন্নত করে সরকারি বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top