১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

মিরপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল সৈয়দপুরের মেয়ে বিমানবাহিনীর সদস্য অন্যন্যার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন সৈয়দপুরের মেয়ে ও বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অন্যন্যা। একই ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে, তিনি হলেন শেখ রাকিবুজ্জামান।

সোমবার দুপুরে মিরপুর স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত এল এ প্লাজা নামের ১১ তলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনের চতুর্থ তলায় থাকা একটি স্পা সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই পুরো ভবনজুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা উদ্ধারকাজকে জটিল করে তোলে।

ধোঁয়ায় দম বন্ধ হওয়ার আশঙ্কায় ভবনের ভেতরে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে উপরের তলায় ছুটে যান এবং অনেকে ছাদে আশ্রয় নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ছাদ থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ২৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

নিহত আয়েশা সিদ্দিকা অন্যন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর পূর্বপাড়ায়। তার বাবা পেশায় একজন অটোরিকশা চালক। পরিবারের স্বপ্ন ছিল মেয়েকে নিয়ে—কঠোর পরিশ্রম আর মেধার জোরে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দিয়ে সেই স্বপ্ন পূরণ করেছিলেন। কিন্তু মিরপুরের এই মর্মান্তিক অগ্নিকাণ্ড সেই স্বপ্নকে মুহূর্তেই নিভিয়ে দিল।

অন্যদিকে নিহত শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) সকালে মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। পরে বিমানবাহিনীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মেধাবী ও সংগ্রামী এক তরুণীর এমন অকাল মৃত্যুতে সৈয়দপুরসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এক সন্তানের নিথর দেহ ফেরার অপেক্ষায় এখন নিঃশব্দে কাঁদছে একটি পরিবার।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top