মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে তিন শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নে এ কর্মসূচি আয়োজন করে সংগঠনটির স্থানীয় শাখা।
ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রেজাউল করিম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবাগত সংবর্ধনা অনুষ্ঠানে সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের নামে ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের হামলায় সাব্বির, আব্দুল হামিদ, আইয়ুব ও আব্দুল জব্বার শহীদ হন। সেই মর্মান্তিক ঘটনার স্মরণে প্রতি বছর ১১ মার্চ ‘শহীদ দিবস’ পালন করা হয়।
তিনি আরও বলেন, শহীদদের স্মরণে এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছর তিন শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।