মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলায় চুরি ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে মুচলেকা দেওয়ার পরও শেষ রক্ষা হয়নি কুখ্যাত চোর নুরনবী ইসলামের (৪০)। আত্মসমর্পণের কিছুদিনের মধ্যেই তাকে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ মার্চ) সকালে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৪ মার্চ) দুপুরে পৌরসভা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নুরনবী ইসলাম উপজেলার সবুজপাড়া নদীরপাড় এলাকার বাসিন্দা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, নুরনবী ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিলেন। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চুরির চক্রও গড়ে উঠেছিল বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি জলঢাকা থানায় নতুন ওসি হিসেবে যোগদানের পর অপরাধীদের স্বেচ্ছায় আত্মসমর্পণ করে অপরাধমুক্ত জীবনে ফেরার আহ্বান জানান ওসি নাজমুল আলম। সেই আহ্বানে সাড়া দিয়ে নুরনবী থানায় এসে আর কখনো চুরি করবেন না মর্মে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করেন।
পুলিশ জানায়, আত্মসমর্পণের পর তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে কাজের ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও তিনি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে আসেননি। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে হেরোইন ও সাত পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, “নুরনবী থানায় এসে চুরি করবেন না মর্মে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন। তাকে স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য কাজের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু এবার তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, চুরি না করার বিষয়ে মুচলেকা দিয়েছিলেন, তবে মাদক ব্যবসা করবেন না—এমন কোনো অঙ্গীকার করেননি।”
পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।