মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আগামীকাল সোমবার (১৬ মার্চ) তারেক রহমান দিনাজপুর সফরে আসছেন। এ সফরকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা দিয়েছে।
রোববার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।
তিনি জানান, সোমবার সকাল ৯টায় বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দর-এ পৌঁছাবেন তারেক রহমান। সেখান থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সৈয়দপুর শহর অতিক্রম করে তিনি দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন।
দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। একই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে দেশের ৫৩টি জেলার বিভিন্ন খাল পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করবেন বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হক (চকলেট)সহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।
এদিকে তারেক রহমানের সফরকে ঘিরে সৈয়দপুর ও দিনাজপুর অঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে কর্মসূচি সফল করতে দলের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।