১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরে সাংবাদিক ও তাদের মেধাবী সন্তানদের মাঝে কল্যাণ অনুদান ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ

রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

রংপুর বিভাগের সাংবাদিক ও তাদের মেধাবী সন্তানদের সহায়তায় ২০২৫–২০২৬ অর্থবছরের তৃতীয় পর্যায়ের আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

শনিবার (১৪ মার্চ) বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণমাধ্যমের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, আর্থিকভাবে অসচ্ছল ও বিপদগ্রস্ত সাংবাদিক এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অন্যতম প্রধান লক্ষ্য। ভবিষ্যতে প্রবীণ সাংবাদিকদের জন্য পেনশন ব্যবস্থাও চালুর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুরের সভাপতি মোহাম্মদ এনামুল আহসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার ও জনগণের মধ্যে যোগাযোগের সেতুবন্ধ হিসেবে সাংবাদিকরা কাজ করেন। তিনি গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও রংপুর প্রেসক্লাবের প্রশাসক মো. রমিজ আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন এবং রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে রংপুর বিভাগের ২৩ জন সাংবাদিকের মাঝে মোট ১১ লাখ ৫০ হাজার টাকার কল্যাণ অনুদানের চেক প্রদান করা হয়। একই সঙ্গে সাংবাদিক পরিবারের ৯৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ১৫ লাখ ৯৬ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, গণমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন সন্ধ্যায় রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল বাছিরকে সংবর্ধনা জানায় রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। এ সময় রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top