মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ নূর মোহাম্মদ (৫২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (১৪ মার্চ) বিকেলে জেলার গোয়ালন্দ উপজেলার ঢাকা–খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি এলাকার সামনে দৌলতদিয়া ঘাটগামী লোকাল বাস অনিক সুপার ডিলাক্স-এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটক নূর মোহাম্মদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বড়বাজার গ্রামের আনোয়ার ব্যাপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন বহন করে ঢাকার নবীনগরে পাচারের উদ্দেশ্যে রওনা হয় নূর মোহাম্মদ। তিনি দুপুরে কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী লোকাল বাস অনিক সুপার ডিলাক্স-এ ওঠেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মনজুর মোরশেদ এর নির্দেশক্রমে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারি এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে চেকপোস্ট বসায়।
বিকেল ৩টার দিকে বাসটি বাংলাদেশ হ্যাচারি এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ বাসটিতে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে নূর মোহাম্মদের কাছে থাকা একটি কালো ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ নূর মোহাম্মদকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, অস্ত্রটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কোথায় পাচার করা হচ্ছিল—এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।