মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালী উপজেলায় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ঈদ উপহারের ভিজিএফ চাল অবৈধভাবে ক্রয়, সংরক্ষণ ও মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন। অভিযানে দরিদ্রদের জন্য নির্ধারিত ১০ কেজি হারে বিতরণের ভিজিএফ চাল অবৈধভাবে ক্রয় ও মজুদের প্রমাণ পাওয়ায় মোঃ সাজ্জাদ হোসেন ও চিত্তরঞ্জন বিশ্বাসকে দণ্ডিত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে ৭টি স্বাক্ষরযুক্ত ও ৬৯টি স্বাক্ষরবিহীনসহ মোট ৭৬টি জাল কার্ড উদ্ধার করা হয়। এছাড়া ৫০ কেজি ওজনের দুটি বস্তা খোলা ত্রাণের চাল জব্দ করা হয়, যা দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ছিল।
অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মো. সাজ্জাদ হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে চিত্তরঞ্জন বিশ্বাসকে ১৫ দিনের কারাদণ্ড ও ৪০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন এবং উপজেলা প্রশাসনের ট্যাগ অফিসার আফরোজা চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তা আত্মসাৎ বা অপব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।