মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা এলাকায় ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দা ও বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার কামাল্লা ইউনিয়ন এর কামারচর গ্রামে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত নেতা ইয়াছিন আরাফাত মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এসবের প্রতিবাদ করলে ভুক্তভোগীদের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
বিক্ষোভ মিছিলে অংশ নেন কামারচর গ্রামের বাসিন্দা হালিমা বেগম, স্থানীয় বিএনপি নেতা খলিলুর রহমান, মাহবুব আলম, নাছির উদ্দীন নয়ন, কামাল উদ্দিন, কামাল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জামির হোসেনসহ অনেকে।
ভুক্তভোগী হালিমা বেগম অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে জমি বিক্রির কথা বলে তাঁর কাছ থেকে ১৭ লাখ টাকা নেন ইয়াছিন আরাফাত। কিন্তু এখনো জমি বুঝিয়ে না দিয়ে উল্টো আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে তাঁকে অপমান ও নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে কামাল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজুল ইসলাম জানান, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এলাকাবাসী একসময় ইয়াছিন আরাফাতকে হাতেনাতে আটক করেন। পরে তিনি আটককারীদের বিরুদ্ধেই থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন বলেও অভিযোগ ওঠে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।