২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালনায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৯০০ টাকা

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে লাইসেন্সবিহীন, রেজিস্ট্রেশনবিহীন এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (আজ) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ, যিনি একই সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী একাধিক মোটরসাইকেল চালককে আইনের আওতায় আনা হয়। লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে আইনের ৪ ধারা ভঙ্গের দায়ে ৬৬ ধারায় দুইজন চালককে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে একই আইনের ১৬ ধারা ভঙ্গের দায়ে ৭২ ধারায় আরও একজন চালককে ৩০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট তিনজনকে ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সড়ক পরিবহন আইন মেনে চলতে সকল চালকের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
এ সময় চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সম্পন্ন করা এবং হেলমেট ব্যবহার নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top