২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

স্বাধীনতা দিবস উপলক্ষে বাকৃবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনায় মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে ও আসন্ন বর্ষাকালকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের নারিকেল বাগান এলাকায় বিভিন্ন প্রজাতির ফলদ ও ওষুধি গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়।

জানা যায়, এই কর্মসূচির অংশ হিসেবে জলপাই, আতাফল, ডেওয়া ও পেয়ারাসহ প্রায় ৩০টি দুর্লভ ও প্রয়োজনীয় গাছের চারা রোপণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম শফিক। এছাড়াও এই বৃক্ষরোপণ অভিযানে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব শফিক বলেন, ‘একটি টেকসই ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমান দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের যে সুদূরপ্রসারী পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছেন, তারই অংশ হিসেবে আমরা এই কর্মসূচি পালন করছি। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাছাড়া বর্তমান সময়টি চারা রোপণের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় আগামী এক মাসজুড়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।’

উল্লেখ্য, বিএনপির নির্বাচনী ইশতেহারের ২৫ নম্বর পৃষ্ঠায় ‘পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন’ অধ্যায়ে ২৫ কোটি গাছের চারা রোপণ, ১০ হাজার নার্সারি উদ্যোক্তা সৃষ্টি এবং এ দুটির মধ্য দিয়ে মোট ৬ লাখ কর্মসংস্থানের অঙ্গীকারের বিষয়টি উল্লেখ রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top