মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
জ্বালানি তেল অবৈধভাবে মজুত রয়েছে—এমন বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য ও অভিযোগের ভিত্তিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একাধিক স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করেছে প্রশাসন। তবে অভিযানে কোথাও পেট্রোল বা অকটেনের কোনো মজুদ পাওয়া যায়নি।
রোববার (৩০ মার্চ) উপজেলার বালিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকার বক্কার ট্রেডার্স, বালিয়াকান্দি এবং রামদিয়া বাজারে অবস্থিত পাল স্টোরের মালিকের বাড়িসহ আশপাশের খড়িঘর, গোয়ালঘর ও অন্যান্য স্থাপনায় তল্লাশি চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কোনো ধরনের জ্বালানি তেল মজুতের প্রমাণ পাওয়া যায়নি।
এছাড়াও আড়কান্দি বাজারের একটি গোডাউনেও তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। সেখানেও পেট্রোল বা অকটেনের কোনো মজুদ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং জ্বালানি তেলের অবৈধ মজুদ বা অতিরিক্ত মূল্যে বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।