৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর দৌলোদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় আর কোনো ব্যক্তি নিখোঁজের দাবি না থাকায় অবশেষে পাঁচ দিন পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।

রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস।

দুর্ঘটনার পর ধারাবাহিক অভিযানে চালক আরমানসহ মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

গোয়ালন্দ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ বিকেলে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার রাতেই ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ২৬ মার্চ সকালে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

এরপর সম্ভাব্য নিখোঁজদের সন্ধানে টানা পাঁচ দিন অভিযান চালানো হয়। প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরিদল যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

তবে রোববার (২৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত নতুন কোনো মরদেহ উদ্ধার না হওয়া এবং নতুন করে স্বজনদের পক্ষ থেকে নিখোঁজের দাবি না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আনুষ্ঠানিক-ভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও নৌপরিবহন মন্ত্রণালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন স্থগিত করেছে বিআরটিএ।

তবে প্রয়োজন হলে দ্রুত পুনরায় অভিযান চালানোর প্রস্তুতি রাখা হয়েছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও বিআইডব্লিউটিএ’র ডুবুরিদল ঘটনাস্থলের ঘাট এলাকায় অবস্থান করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top