৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর পাংশায় অবৈধ জ্বালানি তেল মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে পাংশা উপজেলার মেসার্স পাংশা ফিলিং স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ।

অভিযানকালে মনোয়ারের চায়ের দোকান থেকে অবৈধভাবে ১০ লিটার পেট্রোল মজুদ রাখার প্রমাণ পাওয়া গেলে দোকান মালিক মোঃ মনোয়ার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ছাত্তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ১৫ লিটার পেট্রোল মজুদ রাখার দায়ে মালিক মোঃ শরিফুল শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও আশপাশের কয়েকটি মুদি ও অন্যান্য দোকানে ১ থেকে ২ লিটার করে জ্বালানি তেল মজুদ থাকতে দেখা গেলে তা জব্দ করা হয়। সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল ও চালকদের কাগজপত্রও যাচাই করা হয়। বৈধ কাগজপত্র ছাড়া কোনো যানবাহনে জ্বালানি সরবরাহ না করতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top