৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

আসন্ন উপনির্বাচন ও শূন্য আসনের ভোটগ্রহণ উপলক্ষে আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ এবং শেরপুর-৩ নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠানো হয়েছে।

সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি জানিয়েছেন। নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ শূন্য আসনের নির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে।

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এবং কর্মজীবী মানুষ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্যই এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী কর্তৃক স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। চিঠিতে আরো বলা হয়, ৯ এপ্রিল বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকার সব কর্মকর্তা-কর্মচারীর ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা আবশ্যক।

সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে কমিশন। উল্লেখ্য, নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইসি নানা পদক্ষেপ গ্রহণ করছে, যার অংশ হিসেবে এই বিশেষ ছুটির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top