৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সরকারের অঙ্গীকার বাস্তবায়নে নীলফামারীতে সড়কের ধারে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সড়কের ধারে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার দুপুরে শহরের লোকাল বাসস্ট্যান্ড এলাকায় সড়ক বিভাগ নীলফামারীর আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী তানিসা তাসনিম সিনথিয়া এবং উপ-সহকারী প্রকৌশলী জুয়েলুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতেও এ কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, পতিত জমি, নদী-নালা, খাল-বিল এবং সড়কের ধারে পরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

সড়ক বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, আগামী এক বছরের মধ্যে জেলার জেলা, আঞ্চলিক ও মহাসড়কের ধারে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় তিন হাজার গাছের চারা রোপণ করা হবে।
তিনি বলেন, এরই অংশ হিসেবে সৈয়দপুর-নীলফামারী আঞ্চলিক মহাসড়কে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য সড়কেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই কর্মসূচির মাধ্যমে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও জলবায়ু সহনশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top