মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ও সদর এলাকায় (০১ এপ্রিল) মধ্যরাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সর্বমোট ৫ জন আসামিকে আটক করা হয়েছে।
বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল বাসার আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রসিকিউশন দায়ের করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাজা প্রদান করা হয়।
আটককৃতরা হলেন, বালিয়াকান্দি সদর ইউনিয়নের দুর্গাবদ্দী গ্রামের শরিফ মিয়ার ছেলে রেদওয়ান মিয়া, একই গ্রামের ওলিউল্লাহ এর ছেলে কুতুবউদ্দিন। এই দুইজনকে ২ (দুই) মাসের কারাদণ্ড প্রদান করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদকসেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
অন্যদিকে দুর্গাবদ্দী গ্রামের অধীর কবিরাজের ছেলে শ্রী অমিত কবিরাজ, ইসলামপুর ইউনিয়নের করমচাঁদপরু গ্রামের মৃত মোমিন শেখের ছেলে মোঃ মুসা শেখ, রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ গ্রামের কালাইচাঁদ মিয়ার ছেলে বাবুল মিয়া। এই তিনজনকে ৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, প্রত্যেক আসামিকে ১০০ (একশত) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ (এক) দিনের কারাদণ্ড আরোপ করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।