মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আফরোজা পারভীনকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, বি.সি.এস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আফরোজা পারভীন (পরিচিতি নম্বর-১৬৫৩৯) বর্তমানে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তাকে বদলি করে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সুলতানা আক্তার দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, আফরোজা পারভীন রাজধানী ঢাকার বাসিন্দা এবং তিনি ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তার এ পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।