৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি সরবরাহে কঠোর নিষেধাজ্ঞা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

সড়ক শৃঙ্খলা ও জ্বালানি ব্যবস্থাপনায় কঠোরতা আনতে নীলফামারীতে বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরযানে জ্বালানি তেল সরবরাহে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে নীলফামারী জেলা প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) রাতে জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা নিশ্চিত করা হয়। এতে বলা হয়, রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ কোনো ধরনের মোটরযানে পেট্রোল বা অকটেন সরবরাহ করা যাবে না। মোটরসাইকেলের ক্ষেত্রে হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলার সকল ফিলিং স্টেশন ও অনুমোদিত ডিলার পয়েন্ট প্রতিদিন বিকেল ৩টা থেকে মজুত শেষ না হওয়া পর্যন্ত জ্বালানি সরবরাহ করবে। প্রতিটি স্টেশনে ট্যাগ অফিসার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা অপব্যবহার না ঘটে।

এছাড়া প্রতিটি ফিলিং স্টেশনকে ক্রেতাদের নাম, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর এবং মাইলেজ রিডিং একটি নির্দিষ্ট রেজিস্টারে সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে “হেলমেট, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া জ্বালানি নয়” — এমন সতর্কতামূলক ব্যানার দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো অবস্থাতেই ড্রাম, জারকিন, বোতল বা অন্য কোনো পাত্রে পেট্রোল বা অকটেন বিক্রি করা যাবে না। জ্বালানি তেল মজুত রাখা কিংবা খোলা বাজারে বিক্রির ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top