মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে ব্যাপক সচেতনতা কার্যক্রম জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ঘোড়াষ্টান এলাকায় জনগণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) জুম্মার নামাজের পর দুপুর ২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় মসজিদে নামাজ আদায় শেষে বের হওয়া মুসল্লিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে মাদকের কুফল, এর সামাজিক ও পারিবারিক ক্ষতি, যুব সমাজের উপর নেতিবাচক প্রভাব এবং আইনি শাস্তির বিষয়গুলো তুলে ধরা হয়। একই সঙ্গে মাদককে “সমাজের নীরব ঘাতক” হিসেবে উল্লেখ করে সকলকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।
এ সময় স্থানীয় জনগণ মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিজ নিজ অবস্থান থেকে মাদক প্রতিরোধে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর উপস্থিতি টের পাওয়া গেলে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গড়তে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।