মোহাম্মদ রকিবুল হক শাকিল, ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় ব্রিক ফিল্ডে মাটি কাটার ফলে সৃষ্ট গভীর গর্তে জমে থাকা পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) উপজেলার ভূজপুর থানার অন্তর্গত পূর্ব ফটিকছড়ির দত্তপাড়া এলাকার পশ্চিম পাশে করিম বাপের বাড়ির নিকটবর্তী একটি ব্রিক ফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিক ফিল্ডে মাটি কাটার ফলে প্রায় ২০ ফুট গভীর গর্ত সৃষ্টি হয়, যেখানে পানি জমে ছিল। খেলতে গিয়ে অসাবধানতাবশত ওই গর্তে পড়ে যায় দুই শিশু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে, তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো, ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে সাকি আক্তার (৯) এবং একই বাড়ির জাকির হোসেনের কন্যা সানজিদা আক্তার (১০)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।