৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মুরাদনগরে ফলের আড়তের কর্মচারীকে কুপিয়ে হত্যার চেষ্টা, মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

​কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে নয়ন(৩০) নামের এক ফল আড়তের কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে মাথা ও ঘাড়ে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (৪এপ্রিল) রাতে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত নয়ন বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, আহত নয়ন কোম্পানীগঞ্জ বাজারের ফলের ফলের আড়তে কাজ করতেন। গত ৩রা এপ্রিল ফলের ভাড়া নিয়ে বাখরনগর গ্রামের পিকআপ চালক আশিকের সঙ্গে বাকবিতণ্ডা ও ঝগড়া হয়। সেই ঘটনার জের ধরে শনিবার রাত ৯টার দিকে নয়ন বাজার থেকে বাড়ি ফেরার পথে নগরপাড় পশ্চিম পাড়া পাকা রাস্তার ওপর ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার পথরোধ করে। দেশীয় অস্ত্র দিয়ে নয়নের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় নয়ন মাটি পড়ে গেলে শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে নয়নের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। এসময় বিদ্যুৎ না থাকায় অন্ধকারে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
রক্তাক্ত অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

স্বজনরা জানান, নয়নের মাথায় গুরুতর আঘাত থাকায় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে। ছেলের এই খবরে তার মা চিৎকার করে বারবার মূর্ছা যাচ্ছেন।
এ ঘটনায় নয়নের ছোট ভাই মনির হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামী করে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

​মনির হোসেন বলেন, আসামীরা আমার ভাইকে হত্যার উদ্দেশ্যেই মাথায় আঘাত করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক বলেন, ঘটনাটি তদন্ত করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top