মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে পুকুর সংস্কারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিঠুন (২৯) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তনানগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমল সোনারের ছেলে মিঠুন একটি ভেকু দিয়ে পুকুর সংস্কারের কাজ শুরু করেন। একই সময়ে মঈনুদ্দিন সোনার অন্য একটি পুকুরে ভেকু দিয়ে কাজ করছিলেন। পরে মিঠুনের কাজটিও নিজে করার আগ্রহ প্রকাশ করে তাকে কাজ বন্ধ করতে বলেন মঈনুদ্দিন।
এ নিয়ে বিরোধের একপর্যায়ে মঈনুদ্দিন ও শান্তসহ কয়েকজনকে নিয়ে মিঠুনকে ধাওয়া করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিঠুন আহত হন। পরে তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রুবেল জানান, আহত মিঠুনের অবস্থা বর্তমানে স্বাভাবিক। তার ভ্রু সংলগ্ন স্থানে সামান্য কাটা দাগ রয়েছে।
অন্যদিকে শান্ত দাবি করেন, তার ভেকু ব্যবসা পরিচালনায় নিষেধাজ্ঞা থাকায় তিনি শুধুমাত্র ফসলি জমিতে পুকুর খনন বন্ধ করতে বলেছিলেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এলাকাবাসীর অভিযোগ, নিয়ম না মেনে মৎস্যকল্যাণ সমিতির মাধ্যমে বিভিন্ন স্থানে পুকুর সংস্কার চলছে এবং উপজেলায় প্রায় ১৫-২০টি ভেকু এভাবে পরিচালিত হচ্ছে।
গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) আকবর আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ জানান, ফসলি জমিতে পুকুর খনন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে নিয়ম মেনে পুকুর সংস্কারের আবেদন করলে অনুমতি দেওয়া হয়। অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থল থেকে দুটি ভেকু জব্দ করা হয়েছে।