৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জমি লিখে না দেওয়ায় মায়ের ঘরে আগুন দিলো ছেলে

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে জমি লিখে না দেওয়ায় নিজের বৃদ্ধ মায়ের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নুর আলম (৪০) নামে এক ছেলের বিরুদ্ধে। মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করা এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সদর উপজেলার টুপামারি ইউনিয়নের মোজামের মোড় এলাকায়।
অভিযুক্ত নুর আলম ওই এলাকার মৃত জয়নাল হোসেন ও নুরজাহান বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার নেশায় জড়িয়ে পড়েন নুর আলম। নেশার টাকার যোগান দিতে একে একে ঘরের আসবাবপত্র বিক্রি করে ফেলেন তিনি। শুধু তাই নয়, বাবার রেখে যাওয়া সম্পত্তির অংশ নিজের নামে লিখে নিতে মায়ের ওপরও দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিলেন।

ঘটনার দিন সকালে তিনি আবারও মা ও বোনের কাছে জমি লিখে দেওয়ার দাবি জানান। কিন্তু নুরজাহান বেগম এতে রাজি না হওয়ায় বিকেলের দিকে ক্ষিপ্ত হয়ে উঠেন নুর আলম। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি মায়ের বসতঘরে আগুন ধরিয়ে দেন।

দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা পুরো ঘর গ্রাস করে ফেলে। ঘরের ভেতরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে নুরজাহান বেগম বলেন, “আমার ছেলে অনেকদিন ধরেই অনলাইন জুয়ায় আসক্ত। সবকিছু বিক্রি করে দিয়েছে। এখন আমার আর মেয়ের জমি লিখে নিতে চায়। না দেওয়ায় আজ আমার ঘরটাই পুড়িয়ে দিল। আমি এখন কোথায় থাকব?”

নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাউদস আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আগুনে ঘর পুড়িয়ে দেওয়ার একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি শুধু একটি পারিবারিক বিরোধ নয়, বরং সমাজে নৈতিক অবক্ষয়, মাদক ও জুয়ার মতো আসক্তির ভয়াবহ প্রভাবের এক নির্মম প্রতিচ্ছবি—যেখানে একজন সন্তানের হাতেই পুড়ে যায় মায়ের শেষ আশ্রয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top