মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) নীলফামারী জেলা প্রেসক্লাব মিলনায়তনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো, যা স্থানীয় সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের ইতিবাচক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা শপথ গ্রহণের মাধ্যমে তাদের দায়িত্ব বুঝে নেন। শপথ পাঠ করান প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শামসুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মো. নজমুল ইসলাম, আকতারুল আলম রাজু, অরবিন্দু কুমার বর্ধন, ডা. মুজিবুল হাসান শাহীন, প্রকৌশলী এস.এম. সফিকুল আলম ডাবলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববীসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে হাসান রাব্বী প্রধান ও এবিএম মঞ্জুরুল আলম সিয়াম সমান সংখ্যক ভোট পাওয়ায় তারা সমঝোতার ভিত্তিতে এক বছর করে দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিল্লাদুর রহমান মামুন। এছাড়া সহ-সভাপতি, দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ক্রীড়া সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিকরা নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের সফলতা কামনা করেন। বক্তারা বলেন, নতুন এই নেতৃত্ব সাংবাদিকদের অধিকার রক্ষা, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রেসক্লাবকে আরও গতিশীল, আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করাই তাদের প্রধান লক্ষ্য। আগামী দুই বছর তারা সাংবাদিক সমাজের স্বার্থ সংরক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের মর্যাদা অক্ষুণ্ন রাখতে নিরলসভাবে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।