সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইনের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ খান, গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা মো. ফখরুজ্জামান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মো. অহিদুজ্জামান মোল্যা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। বিশেষ করে নদীভাঙন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরা হয়।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নবাগত ইউএনওর নেতৃত্বে চরভদ্রাসন উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
নবাগত ইউএনও সুরাইয়া মমতাজ তার বক্তব্যে বলেন, “জনগণের সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”