১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

চরভদ্রাসনে সামান্য বৃষ্টিতেই সড়ক জলাবদ্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

সাজ্জাদ হোসেন সাজু,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সামান্য বৃষ্টিতেই একটি গুরুত্বপূর্ণ সড়ক জলাবদ্ধ হয়ে পড়ছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। উপজেলার গার্লস স্কুল সড়কের শাহজালাল ব্যাংকের সামনে থেকে গ্রামীণ ব্যাংক পর্যন্ত প্রায় পুরো অংশজুড়ে দীর্ঘদিন ধরে এই সমস্যার সৃষ্টি হয়ে আসছে।

স্থানীয়দের অভিযোগ, গত পাঁচ থেকে ছয় বছর ধরে সড়কটির বেহাল অবস্থা বিরাজ করছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায় এবং তা দীর্ঘ সময় ধরে স্থায়ী থাকে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদের জন্য চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে গার্লস স্কুলের শিক্ষার্থীরা। স্কুলে যাওয়া-আসার সময় কাদাপানি মাড়িয়ে চলতে গিয়ে তাদের পোশাক নষ্ট হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

এলাকার ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। তারা জানান, জলাবদ্ধতার কারণে ক্রেতারা দোকানে আসতে অনীহা প্রকাশ করছেন, ফলে বিক্রি কমে গেছে। অনেক সময় জমে থাকা পানি দোকানের ভেতরে ঢুকে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কার এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও এখনো কোনো স্থায়ী সমাধান নেওয়া হয়নি।

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষা মৌসুমে ভোগান্তি আরও বাড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top