মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় পদ্মা নদী থেকে লিটন খা (৩৫) নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা ও নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত লিটন খা রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার বাসিন্দা এবং আক্কাছ আলী খার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে রাতের খাবার শেষে একটি জ্যাকেট পরে রিকশা নিয়ে বের হন লিটন খা। এ সময় তিনি পরিবারকে জানান, দূরে ভাড়া নিয়ে যাচ্ছেন এবং ফিরতে দেরি হতে পারে। পরে ভোরের দিকে স্থানীয়রা পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
নৌ-পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।