বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ফিরে যেতে অনুরোধ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে, অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা আছে।
তিনি আরও বলেন – প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করবেন। প্রসঙ্গত কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের স্বরাষ্ট্রমন্ত্রীরসহ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের দাবি ছিল।
শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অনুরোধ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এরমধ্যে ১৩৪ পরীক্ষার্থী জামিন পেয়েছে। কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এখন রাজনৈতিক দল এটা নিয়ন্ত্রণ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ঢাকা, গাজীপুর, নারায়াণগঞ্জ ও নরসিংদীতে আগামীকাল রোববার থেকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।