আজ সোমবার (৫ আগস্ট) সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’।
আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনের নামে কেউ যাতে সহিংসতা-নাশকতা করতে না পারে সেজন্য ঢাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। চেকপোস্টে আসা সবাইকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক উত্তর না পেলে চেকপোস্ট পার হতে পারছে না কেউ।
চেকপোস্ট পার হতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ চেকপোস্ট পার হতে পারছে না।
আজ সোমবার সকাল থেকে রাজধানীতে গণপরিবহন দেখা যায়নি। হাতে গোনা অল্প সংখ্যক সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।
সোমবার (৫ আগস্ট) রাজধানীর গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, আসাদগেট, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, সায়েন্সল্যাব, পল্টন, গুলিস্তান, বাড্ডা, রামপুরা, উত্তরায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্যরা কড়া অবস্থানে রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
রাজধানীর প্রবেশপথগুলোতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান। ঢাকার বাইরে থেকে জরুরি কাজ ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।